চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, জনবল সংকট নিরসন এবং রোগীদের সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
সভায় শুরুতে ২০২৪ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির নবম সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এরপর হাসপাতালের বিভিন্ন চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিশেষ করে রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে নতুন পরিকল্পনা এবং অবকাঠামোগত সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হয়।
সভায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল হাসপাতালের ইউনিট-২ ভবন নির্মাণ প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ তলা ভিত বিশিষ্ট নতুন ১০ তলা কমপ্লেক্স ভবন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, নতুন এ ভবন নির্মিত হলে হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ হবে।
এ ছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগে বিদ্যমান জনবল সংকট দ্রুত নিরসনের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ এ সরকারি হাসপাতাল হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর প্রতিদিন হাজারো রোগীর চাপ থাকে। তাই সময়োপযোগী অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল বৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সমন্বিতভাবে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে সংশ্লিষ্টরা জানান, গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে আরও আধুনিক, সেবাবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.