“ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই কার্ড কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি দেশের প্রতিটি পরিবারের জন্য।”
এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (২৪ মে) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬’-এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সরেজমিনে দেখেন এবং সম্ভাব্য সুবিধাভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া। এজন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “এই কার্যক্রমে কোনো ধরনের ভুল বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। শুরু থেকেই আমরা বলেছি—ফ্যামিলি কার্ড কার্যক্রম হতে হবে ‘জিরো এরর’। একজনও যেন বাদ না পড়েন এবং কেউ যেন অযোগ্য হয়েও অন্তর্ভুক্ত না হন, সেটি শতভাগ নিশ্চিত করতে হবে।”
পরিদর্শনের সময় জেলা প্রশাসক স্থানীয় সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন। তাঁদের জীবনমান উন্নয়নে সরকার প্রদত্ত সহায়তা সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সহায়তা সন্তানদের পড়াশোনা, ছোটখাটো ব্যবসা কিংবা পরিবারকে স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে তা দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। যারা এখনো মূলধারার বাইরে রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে আসাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।”
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পরিবার ও সমাজকে এগিয়ে নিতে নারীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের ভবিষ্যৎ গড়ে তোলেন। এ প্রসঙ্গে তিনি নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত উক্তি—‘Good Mother, Good Nation’—উল্লেখ করে বলেন, একজন ভালো মা একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জেলা প্রশাসক এ সময় সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আধুনিক জীবনের ব্যস্ততায় পরিবারে সন্তানদের জন্য সময় কমে যাচ্ছে। অথচ সন্তানরাই পরিবারের সবচেয়ে বড় সম্পদ। তাদের বেড়ে ওঠা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, “আপনি যদি আজ সন্তানকে সময় না দেন, ভবিষ্যতে তার কাছ থেকে সময় পাওয়ার প্রত্যাশা করাও কঠিন হয়ে যায়। অর্থ হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন আসে মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিকতা থেকে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং কার্যক্রমে নিয়োজিত সমাজকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.