একটি সুপারি গাছ কাটতে গিয়ে মুহূর্তের অসাবধানতায় নিভে গেল এক তরতাজা প্রাণ। উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্র। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান শাহ্ ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তার ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা চলছিল। তবে বৃহস্পতিবার তার কোনো পরীক্ষা না থাকায় অবসর সময় কাজে লাগাতে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন লাইনের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হান্নান।
তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বসতবাড়ির খুব কাছ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন চলে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
নিহতের ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন বলেন, হান্নান অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী ছেলে ছিল। পরীক্ষার কারণে কয়েকদিন আগে বাড়িতে এসেছিল। আজ তার কোনো পরীক্ষা ছিল না। অবসর সময়ে গাছ কাটতে গিয়ে এমন করুণ পরিণতি হবে, তা কখনো কল্পনাও করিনি।
হান্নানের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার এখন শোকে মুহ্যমান।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হান্নানকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.