জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সরকারের মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
১৩ জুন (শনিবার) দুপুরে চট্টগ্রামে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ ওয়াসিম আকরামের কবরস্থানে গিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারতের সময় তিনি ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য দাবির আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।
এ সময় উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর সন্তান দেশের ইতিহাসে গৌরবের অংশ হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং স্মৃতি সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করা হয়।
কবর জিয়ারত শেষে শহীদ ওয়াসিম আকরামসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতকে কেন্দ্র করে এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা এ ঘটনাকে শহীদের প্রতি রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ের সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.