চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। এসময় কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অগ্রগতি, সেবার মান এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তারা স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনস্বাস্থ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সাড়ে ১২ টার দিকে পরিদর্শন করেন সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সোমা চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় কর্ণফুলী উপজেলার একটি স্থায়ী কেন্দ্রসহ মোট ১২১টি ইপিআই টিকাদান কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। পাশাপাশি অভিভাবকদের শিশু পুষ্টি, ভিটামিন ‘এ’-এর গুরুত্ব এবং স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, এবারের ক্যাম্পেইনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো। দিন শেষে প্রায় ৯৯ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।