“সবুজ গ্রাম, সবুজ দেশ গড়ে তুলবো বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে Learning Acceleration in Secondary Education (LAISE) Project-এর আওতায় জলবায়ু কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গিয়াস উদ্দিন মাস্টার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রফিকুল আলম, ইউপি প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, বাবু মধুরনজন, স্বপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম, রতন চক্রবর্তী, মাস্টার জিতু, সালাউদ্দিন, মাস্টার শুভ, ইয়াসমিন আক্তার, জাহেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত সংকট দিন দিন তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা করার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, LAISE Project-এর আওতায় শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।