চট্টগ্রামের বাঁশখালীতে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক যুব র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
সকালেই উপজেলার মিয়ার বাজার এলাকা থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক যুবক, ছাত্র, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালীটি মাদকবিরোধী বিভিন্ন স্লোগান প্রদর্শন করতে করতে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিএস প্লাজা শপিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, "মাদক আজ সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।"
তিনি আরও বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদেরকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার আরও কার্যকর ভূমিকা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক যুবক, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.