টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারমুখী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এর আগে গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছালেও সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি আজ পুনরায় ঢাকা অভিমুখে যাত্রা করে।
একই পরিস্থিতির কারণে আজ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও ভোর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জানআলীহাট–ষোলোশহর সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না।
যাত্রীদের ভোগান্তি লাঘবে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। এছাড়া, যারা ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তাদের জন্য আজ বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের রেলযাত্রা ব্যাহত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তিনি যাত্রীদের ধৈর্য ধারণ এবং রেলওয়ের পরবর্তী নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
রেলওয়ে সূত্র জানায়, সংশ্লিষ্ট এলাকায় পানি নেমে গেলে এবং রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.