দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা। স্মরণকালের এ দুর্যোগে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন শাখা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাঁশখালীর সংসদ সদস্যের পক্ষ থেকে জামায়াতের একটি বিশেষ প্রতিনিধি দল পুকুরিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। এ সময় ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ ত্রাণ বিতরণ করা হয়।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো বর্তমানেও অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এদিকে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসাসেবার সংকট দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা জাহেদুল আলম, মাস্টার মিনহাজ উদ্দিন, মাস্টার রাজ উদ্দিন, শিবির সভাপতি সাফুয়ানুল হক, শিবির সেক্রেটারি তাওহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে প্রতিনিধি দল বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রাখে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে জামায়াতে ইসলামীর এমন মানবিক উদ্যোগ পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সেবামূলক সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.