দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ জনপদ। স্মরণকালের এই দুর্যোগে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সকাল সাড়ে ৯টার দিকে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী লাউব্বার দোকানসংলগ্ন জেলে পাড়ায় পৌঁছে বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি কোমরসমান পানিতে নেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ সরেজমিনে দেখেন, তাদের অভিযোগ ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তাও প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডাকসুর সাবেক জিএস এস. এম. ফরহাদ, দক্ষিণ জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শিবির সভাপতি ফরমানুর রহমান জাহিনসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠানগুলোকে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
বাঁশখালী পরিদর্শন শেষে তিনি সাতকানিয়া-লোহাগাড়ার বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে ফিরে বাঁশখালীর বাণিগ্রাম কুইন প্যালেস কমিউনিটি সেন্টারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.