গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সরকার–একাডেমিয়া সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) অ্যাকাডেমিক ইঞ্জিনিয়ার্স অ্যান্ড রিসার্চার্স সোসাইটি (AERS)-এর উদ্যোগে "সরকার–একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে গবেষণার সুযোগ" শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (NAPD)-এর পরিচালক ড. প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং চুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী আহসানুল্লাহ।
প্রকৌশলী মো. জুনায়েদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে AERS-এর সভাপতি প্রফেসর ড. প্রকৌশলী সানাউল্লাহ চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী আরিফ হাছান চৌধুরী, সহসভাপতি ড. প্রকৌশলী নুরসাদুল মামুন, প্রকৌশলী ইফতেখার, প্রকৌশলী মনছুর আলম এবং প্রকৌশলী শ্যামা বর্ণা ভট্টাচার্য বক্তব্য রাখেন।
বক্তারা গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা, শিল্প–একাডেমিয়া সংযোগ এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং জ্ঞানভিত্তিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং বাস্তবমুখী প্রকল্প বাস্তবায়নে তরুণ প্রকৌশলী ও গবেষকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি সরকার, বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রাউন্ডটেবিল আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক, প্রকৌশলী ও গবেষকরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গবেষণার নতুন ক্ষেত্র সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে জ্ঞানভিত্তিক অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নৈশভোজ ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.