পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রাম নগরীর পোলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জননেতা আবু সুফিয়ান।
শনিবার (১১ জুলাই) মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের কয়েকশ' চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মনজু। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে তারা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট মোকাবিলায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে এবং রোপণ করা গাছের যত্ন নিতে হবে। তিনি বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সামাজিক উদ্যোগের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি অ্যাডভোকেট এম. আর. মনজু বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.