বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শারীরিক সক্ষমতা, পারস্পরিক সম্প্রীতি ও দলগত মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল), চট্টগ্রামের উদ্যোগে ১৫তম আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিলের সভাপতি মো. সুবক্তগীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওপিএস (পূর্ব) মো. সফিকুর রহমান, চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভীরুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, "খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি মানুষের মানসিক শক্তি, ধৈর্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল দলবদ্ধতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়, যা কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। খেলাধুলা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং কাজের চাপ ও মানসিক ক্লান্তি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।"
তিনি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ কর্মপরিবেশ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
জোনাল স্পোর্টস কাউন্সিল আয়োজিত এবারের টুর্নামেন্টে পূর্বাঞ্চলের চারটি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় ডিএসএ সদর ট্রাইবেকার দল ডিএসএ (পাহাড়তলী)-কে পরাজিত করে জয় লাভ করে।
দ্বিতীয় খেলায় ডিএসএ (চট্টগ্রাম) শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ডিএসএ (ঢাকা)-কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সফল ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.