চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। এ সময় তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।
১৪ জুলাই (সোমবার) তারা প্রথমে আনোয়ারা উপজেলার তৈলারদিপ বাজার সংলগ্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে বাঁশখালী উপজেলার ইলিশা এবং সাতকানিয়া উপজেলার পাঠানের পুল এলাকায় যান। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নৌকাযোগে কেউচিয়াসহ মারাত্মকভাবে প্লাবিত ও জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেন। সেখানে তারা পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও জরুরি প্রয়োজন সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাতকানিয়ার পাঠানের পুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১,৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন জরুরি খাদ্যসামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এ ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি বলেন, সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবে না; বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ঘরবাড়ি মেরামত এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা এলাকা যেন ত্রাণ বিতরণে বৈষম্যের শিকার না হয়, সে বিষয়ে মাঠ প্রশাসনকে কঠোরভাবে নজরদারি করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রস্তুত করে সুষম ও স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রুহুল কবির রিজভী আহম্মেদও দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.