কক্সবাজারের সেন্টমার্টিনে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ বাজার ঘাট থেকে সেন্টমার্টিনে আসা একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বোটে থাকা এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
এ ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
কোস্ট গার্ড আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনী।