চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শুরু হয়েছে ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখছে না; স্পোর্টসকে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে আমরা স্পোর্টসকে একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করছি। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি হলে তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও পরিবারের আর্থিক নিরাপত্তার নতুন ক্ষেত্র তৈরি হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর ও তরুণদের একটি বড় অংশ মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা থেকেও তরুণ প্রজন্মকে রক্ষা করা জরুরি। এ পরিস্থিতি থেকে তাদের বের করে আনতে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে এবং সবাইকে খেলার মাঠে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের ছেলে-মেয়েদেরকে মোবাইল আসক্তি ও মাদক থেকে বের করে আনতে হলে লেখাপড়ার পাশাপাশি সবাইকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। একই সঙ্গে তারা শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতার মানসিকতা অর্জন করবে।”
স্পোর্টস নিয়ে কোনো ধরনের রাজনৈতিক বিভাজনের সুযোগ নেই উল্লেখ করে আমীর খসরু বলেন, “স্পোর্টস নিয়ে দলাদলির কোনো সুযোগ নেই। আমরা যারা স্পোর্টস ভালোবাসি, তারাই স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাব।” তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও এনামুল হক এনাম।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য শামশুল আলম, বিএনপি নেতা আবুল হাসেম বক্কর, ভোলা মিয়া, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী, আহামেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, জয়নাল আবেদিন, মোহাম্মদ মহসীন, কামরুল ইসলাম, ইসমাইল বালি, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল ও মোহাম্মদ ইয়াকুবসহ বিএনপি ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ তৈরি করে তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিজয়ী দল।
বিজয়ী দলের হয়ে মো. আরিফ ও মো. ইয়াছিন গোল করেন। এর মধ্যে মো. আরিফ দুটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা বা ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের মো. আরিফ।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মো. আরিফের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের স্কুল পর্যায়ের ফুটবলে নতুন প্রতিভা উঠে আসবে এবং ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.