চট্টগ্রামের চন্দনাইশে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কন্যাশিশুর অধিকার, সুরক্ষা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় চন্দনাইশ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু ধর, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া এবং উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান।
এ ছাড়া অনুষ্ঠানে চন্দনাইশ প্রেসক্লাব-১৯৮৪-এর সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। পরিবার ও সমাজে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাল্যবিবাহ, নির্যাতন ও বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।