দেশীয় ঐতিহ্য, নিজস্ব নান্দনিকতা ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে ফ্যাশন জগতে কাজ করছেন গোলাম মর্তুজা আলী অর্ণব। আইন অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও ফ্যাশন ডিজাইনিং ও কোরিওগ্রাফির প্রতি আগ্রহ তাঁকে নিয়ে এসেছে সৃজনশীল এই জগতে। গত এক দশক ধরে বাংলাদেশ ও ভারতে ফ্যাশন অঙ্গনে কাজ করছেন তিনি। দেশীয় বস্ত্র, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সমকালীন ফ্যাশনের সমন্বয়ে নিজস্ব কাজের ধারা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
আইন পেশার পাশাপাশি ফ্যাশন নিয়ে কাজ করার আগ্রহ থেকেই আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন অর্ণব। কলকাতার আইএনআইএফডি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও এ বিষয়ে ডিপ্লোমা নিয়ে পেশাগতভাবে কাজ শুরু করেন।

নিজের ডিজাইনের ধরন সম্পর্কে অর্ণব জানান, ফিউশনধর্মী পোশাক তৈরিতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ঐতিহ্যবাহী উপকরণ ও নকশার সঙ্গে আধুনিক ফ্যাশনের বৈশিষ্ট্য যুক্ত করাই তাঁর কাজের অন্যতম দিক। হ্যান্ডলুম, কারচুপি ও জারদোসির মতো কারুশিল্পের ব্যবহার তাঁর ডিজাইনে বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া কাতান কাপড়ের প্রতিও রয়েছে তাঁর বিশেষ আগ্রহ।
একটি পোশাক তৈরির ক্ষেত্রে কাপড় নির্বাচন থেকে শুরু করে রঙের সমন্বয়, নকশা ও ফিনিশিং—প্রতিটি ধাপে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন এই ডিজাইনার। তাঁর মতে, পোশাকের সৌন্দর্য শুধু নকশায় সীমাবদ্ধ নয়; ব্যবহৃত উপকরণের মান ও সামগ্রিক নির্মাণশৈলীর ওপরও এর স্বাতন্ত্র্য নির্ভর করে।
নিজের প্রথম পোশাক তৈরির অভিজ্ঞতা তুলে ধরে অর্ণব জানান, সে সময় তিনি সার্টিফায়েড ডিজাইনার ছিলেন না। তবে কাপড় নির্বাচন ও রঙের সমন্বয়ে তাঁর রুচি প্রশংসা পেয়েছিল। সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে ফ্যাশন নিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।
বাংলাদেশের ফ্যাশন প্রবণতা প্রসঙ্গে অর্ণবের পর্যবেক্ষণ, ক্রেতারা এখন পোশাকের নান্দনিকতার পাশাপাশি আরামকেও গুরুত্ব দিচ্ছেন। সময়ের পরিবর্তনে মানুষের রুচি, জীবনযাপন ও চাহিদার সঙ্গে পোশাকের ধরনেও পরিবর্তন আসছে। আন্তর্জাতিক ফ্যাশনের প্রভাবও দেশের পোশাকের প্রবণতায় ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।
বাংলাদেশের গ্রীষ্মপ্রধান আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা রং, আরামদায়ক কাপড় ও পরিমিত নকশার পোশাক জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করেন অর্ণব। তাঁর দৃষ্টিতে, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আধুনিক নকশার মাধ্যমে উপস্থাপন করা গেলে বাংলাদেশের ফ্যাশনশিল্পের স্বতন্ত্র পরিচিতি আরও জোরালো করা সম্ভব।
দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই ফ্যাশন ডিজাইনার। তাঁর মতে, বাংলাদেশের পণ্যের বিশ্ববাজারে সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পণ্যের গুণগত মান, নকশার স্বাতন্ত্র্য ও ক্রেতাদের চাহিদার প্রতি আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব সৃজনশীলতা ধরে রাখাও ডিজাইনারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
ডিজাইনের অনুকরণ প্রসঙ্গে অর্ণব মনে করেন, অন্যের কাজ থেকে ধারণা নেওয়া সৃজনশীল প্রক্রিয়ার অংশ হতে পারে। তবে হুবহু নকল না করে নিজস্ব চিন্তা ও নকশার মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করা জরুরি। টেকসই ফ্যাশনের ক্ষেত্রেও পোশাকের মান ও নির্মাণের প্রতিটি ধাপে যত্নশীল হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ব্যক্তিগত পোশাক নির্বাচনে টি-শার্ট ও জিন্সে স্বাচ্ছন্দ্যবোধ করেন অর্ণব। তবে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নিজের ডিজাইন করা পাঞ্জাবি তাঁর বিশেষ পছন্দ। শাড়ির নকশায়ও এক রঙের সঙ্গে বিভিন্ন রঙের উপকরণ মিলিয়ে বৈচিত্র্য আনতে ভালোবাসেন তিনি।
দেশীয় ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের ভাষায় তুলে ধরা, নিজস্ব নকশার স্বাতন্ত্র্য বজায় রাখা এবং বাংলাদেশের বস্ত্র ও কারুশিল্পের সম্ভাবনাকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চান গোলাম মর্তুজা আলী অর্ণব।