শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

৪২ বছরে প্রথম ডিসি, বাঁশখালীর প্রত্যন্ত জেলেপল্লির দুর্গাপূজায় উচ্ছ্বাস

বার্তা টুডে ডেস্ক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বলের সাগরপাড়ের প্রত্যন্ত জেলেপল্লির বাংলাবাজার সর্বজনীন বুড়া কালী মন্দিরে ১৯৮৪ সাল থেকে দুর্গাপূজা উদযাপন হয়ে আসছে। তবে স্থানীয় আয়োজকদের দাবি, দীর্ঘ ৪২ বছরে এই প্রথম কোনো জেলা প্রশাসক মন্দিরটি পরিদর্শনে এসেছেন। মহাসপ্তমীর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিতিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

রবিবার (১৮ অক্টোবর) মন্দিরে গিয়ে জেলা প্রশাসক পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজক ও স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নারী পুণ্যার্থীদের মধ্যে শাড়ি বিতরণ করেন এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেন।

 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি গুরুধন দাশ বলেন, দরিদ্র জেলেপল্লিতে জেলা প্রশাসকের উপস্থিতি তাঁদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে সহযোগিতার আশ্বাস দেওয়ায় তাঁরা আশ্বস্ত হয়েছেন।

কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ বলেন, প্রত্যন্ত এই অঞ্চলে জেলা প্রশাসক এসে দুর্গাপূজার শুভেচ্ছা জানাবেন, তা তাঁরা কল্পনাও করেননি। তাঁর দাবি, ১৯৮৪ সালে পূজা শুরু হওয়ার পর এই প্রথম কোনো জেলা প্রশাসক মন্দিরটি পরিদর্শন করলেন।

স্থানীয়দের উদ্দেশে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম দুর্গাপূজা। প্রত্যন্ত অঞ্চলের মানুষসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে সমানভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি জাতি ও সম্প্রদায়ের মানুষ, তারা যত ছোট জনগোষ্ঠীরই হোক না কেন, তাদের পাশে সরকার রয়েছে। সবাই যাতে আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন কাজ করছে। জেলে সম্প্রদায়ের মানুষও যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই প্রত্যন্ত এই জেলেপল্লিতে আসা।

মন্দিরের আয়োজনের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, উৎসব উদযাপনে স্থান বা অবকাঠামোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই আনন্দের সঙ্গে অংশ নিতে পারছেন কি না এবং নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি ও রীতিনীতি পালন করতে পারছেন কি না।

অতীতের হামলার ঘটনায় নিরাপত্তায় সতর্কতা

পশ্চিম চাম্বল এলাকায় অতীতে পূজামণ্ডপে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বাংলাবাজার জলদাশপাড়ার পূজামণ্ডপে হামলার পাশাপাশি বাঁশখালীর ১৫টি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথাও উল্লেখ করা হয়। ওই ঘটনায় একটি মন্দিরের প্রতিমা এবং ১৪টি মন্দিরের তোরণ ভাঙচুর করা হয়েছিল বলে জানা যায়। সংঘর্ষে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ৩০ থেকে ৩৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা করে এবং ২১ জনকে গ্রেপ্তার করে।

এবার দুর্গাপূজায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, উৎসবের আনন্দ কেউ যাতে বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মহাসপ্তমীতে জেলা প্রশাসক বাঁশখালীর চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এগুলো হলো পশ্চিম চাম্বল বাংলাবাজার সর্বজনীন বুড়া কালী মন্দির, শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ, সাধনপুর পল্লীমঙ্গল সমিতি মণ্ডপ এবং বাণীগ্রাম জগন্নাথধাম সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সাজসজ্জা ও আয়োজনের প্রশংসা করেন। নারী পুণ্যার্থীদের মধ্যে শাড়ি বিতরণের পাশাপাশি দুটি মণ্ডপে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক জানান, এবার চট্টগ্রামে প্রায় ৪০০টি পূজামণ্ডপ বেড়েছে। জেলায় প্রায় ২ হাজার ৫৯৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর জন্য সরকারি আর্থিক সহায়তা ও জিআর চালের বরাদ্দও বাড়ানো হয়েছে। প্রতিটি মণ্ডপের খোঁজখবর রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ট্যাগ অফিসাররা আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন বলেন, পূজামণ্ডপের সংখ্যা বাড়ায় আনসার ও ভিডিপি সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রান্তিক এলাকার মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তাঁরা। দুর্গোৎসব শেষ হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করছেন, একে অপরের উৎসবে অংশ নিচ্ছেন এবং বিপদে পাশে দাঁড়াচ্ছেন। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখতে হবে।

প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি রয়েছে। এসব স্বকীয়তা বজায় রেখেই সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম সফরে আসবেন বলেও জানান তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান তন্ময় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

মিশকাতুল ইসলাম বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দেশে কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে তিনি পূজার নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেন এবং প্রত্যন্ত জেলেপল্লিতে জেলা প্রশাসকের উপস্থিতির প্রশংসা করেন।

স্থানীয়দের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, পুরো প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁদের পাশে রয়েছেন। সবাই যেন আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন এবং নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

সাগরপাড়ের দরিদ্র জেলেপল্লিতে চার দশকের বেশি সময় ধরে চলে আসা দুর্গাপূজায় জেলা প্রশাসকের এই সফর স্থানীয়দের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। তাঁদের প্রত্যাশা, উৎসবের আনন্দের পাশাপাশি প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ