সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নতুন সাজে ডিসি পার্ক, শুরু হচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২০৫

আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজায় অবস্থিত ডিসি পার্ক।

সাগরপাড় ঘেঁষা ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা এই পার্কে এবার চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে দেশের বৃহত্তম ফুলের মিলনমেলা “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬”।

মাসব্যাপী এই আয়োজনে স্থান পেয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল। ফুলের সমারোহে সাজানো ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি নতুন আকর্ষণ। এর মধ্যে উল্লেখযোগ্য—জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি।

ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ ছাড়া এবারের ফুল উৎসবে থাকছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ এবং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।

এবারের আয়োজনে বিশেষ সংযোজন হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক একটি বিশেষ স্টলও রাখা হয়েছে।

আগামীকাল ৯ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হয়ে এই ফুল উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর