সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

‘১২ ফেব্রুয়ারির ভোটেই নির্ধারিত হবে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফল’—আমির খসরু মাহমুদ চৌধুরী

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার কেরানীহাট রাস্তার মাথা মডেল মসজিদের সামনে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,“আমরা এখন যেমন ভালো আছি, তাতে সন্তুষ্ট থাকলে চলবে না। আমাদের আরও ভালো থাকতে হবে। আর সেই ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো অবস্থান নিতে হবে।”

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার চূড়ান্ত ফয়সালা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সেদিন ভোটের ফলাফলই প্রমাণ করবে—এই দীর্ঘ লড়াই সফল হলো কি না।”

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “এই সময়ে আমাদের হাজারো নেতাকর্মী মামলা, হামলা, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। কেউ কারাগারে, কেউ পুলিশ হেফাজতে প্রাণ হারিয়েছেন। যদি আমরা ভোটের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে না পারি, তাহলে এই ত্যাগ-তিতিক্ষার কোনো মূল্য থাকবে না।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটকেন্দ্রে উপস্থিতিই হবে আমাদের শক্তি। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের ভোটেই রাষ্ট্র আবার জনগণের হাতে ফিরবে।”

পথসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, শেফায়েত উল্লাহ চক্ষু, হাজী রফিক আহমদ, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, এম. এ. রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

পথসভা শেষে নেতাকর্মীরা এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণা জোরদার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর