
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় Tarique Rahman-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা দেন।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে Bangladesh Nationalist Party (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি তারেক রহমানের পিতা Ziaur Rahman-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং মাতা Khaleda Zia-এর আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন। তাদের আদর্শ আগামী দিনের পথচলায় প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বার্তায় মুহাম্মদ ইউনূস আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সুসমন্বিত মেধা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্যও তিনি তারেক রহমানকে ধন্যবাদ জানান। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
পরিশেষে তিনি দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার জন্য প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা প্রার্থনা করেন।