
দৈনিক সমকালের তৎকালীন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ও দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় দোহাজারীস্থ চন্দনাইশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। সভাটি সঞ্চালনা করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (পিএলসি)-এর সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ এরশাদ, আজিমুশ-শানুল হক দস্তগীর, শহিদুল ইসলাম, সহ-সভাপতি ফায়জুল হক দস্তগীর, যুগ্ম সম্পাদক আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, প্রচার সম্পাদক মো. সবুজ মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাদেক হোসাইন, সদস্য মো. ফোরকান, নয়ন দাশ, মীর খালেদ মাহমুদ বাবর, নিয়াজুর রহমান ও মো. ইমাদ উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী ছিলেন বস্তুনিষ্ঠ ও গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর কলম থেমে গেলেও তাঁর লেখনী আজও সত্য ও ন্যায়ের কথা বলে। তিনি সত্তরের দশক থেকে সাংবাদিকতা শুরু করেন এবং সারাজীবন অনুসন্ধানী সাংবাদিকতা ও অবহেলিত জনপদের কথা তুলে ধরার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখেন।
তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপসহীন একজন নেতা। কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থের সঙ্গে তিনি নিজেকে জড়াননি। সহকর্মীদের পথপ্রদর্শক হিসেবে তিনি সবসময় দিকনির্দেশনা দিতেন এবং সৎ সাংবাদিকতা চর্চায় অনুপ্রাণিত করতেন।
অনুষ্ঠানের শেষে প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।