বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সেতু, সড়ক ও রেল উন্নয়নে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে

জাহাঙ্গীর আলম
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৩

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি (৩০ মার্চ, সোমবার) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দেশের চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষ করে সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গুরুত্ব পায় আলোচনায়।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি এডিবির অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনেও উন্নয়ন প্রকল্পে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে সড়ক, রেল ও নৌখাতের উন্নয়নে এডিবি দীর্ঘদিন ধরে অংশীদার হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে উভয় পক্ষ চলমান প্রকল্পগুলোর গতি আরও ত্বরান্বিত করা, নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বৈঠক দেশের বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর