
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এমপি সৌজন্য সাক্ষাৎ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মাননীয় মন্ত্রী এমপি’র সঙ্গে।
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদ চন্দনাইশ ও সাতকানিয়া অঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে ধৌপাছড়ি সড়কের বেহাল অবস্থা ও কেরানীহাট এলাকার তীব্র যানজট সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করেন।
আলোচনার প্রেক্ষিতে ধৌপাছড়ি সড়ক দ্রুত নির্মাণ এবং কেরানীহাটের যানজট নিরসনে একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এমপি এ সময় আশ্বস্ত করেন যে, জনদুর্ভোগ লাঘবে এসব গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অতি দ্রুত শুরু করা হবে। তিনি বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে এবং এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
সাক্ষাৎ শেষে সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শুরু হলে চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।