শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১১ এপ্রিল থেকে শুরু ‘১৫তম আন্তর্জাতিক উইম্যান’স এসএমই এক্সপো ২০২৬’

জাহাঙ্গীর আলম
  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯

বন্দরনগরী চট্টগ্রামে আগামী ১১ এপ্রিল থেকে মাসব্যাপী শুরু হতে যাচ্ছে নারী উদ্যোক্তাদের বৃহৎ আয়োজন ‘১৫তম ইন্টারন্যাশনাল উইম্যান’স এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৬’। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI)-এর উদ্যোগে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য এই মেলাকে কেন্দ্র করে ৯ এপ্রিল (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ।

তিনি বলেন, প্রায় ২৭ বছর আগে চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের লক্ষ্যে এই ধারাবাহিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতকে শক্তিশালী করতে উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও করোনা পরবর্তী সংকট কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের সহায়তা করতেই এবারের মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১১ এপ্রিল বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান। এছাড়া বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ডিআইজি মো. মনিরুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ মেলায় ১০০টি স্টল নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ‘উইম্যান জোন’ এবং দেশীয় হস্তশিল্প পণ্যের জন্য আলাদা জোন রাখা হয়েছে।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ‘৭ম এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার-২০২৬’। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন এবং যোগ্য উদ্যোক্তাদের জন্য তাৎক্ষণিক ঋণ সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া মেলায় শিশুদের জন্য বিনোদন পার্ক, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ এবং দর্শনার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি ও ফায়ার সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নামাজের স্থান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাও থাকবে।

সংবাদ সম্মেলনে সিডব্লিউসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, নিশাত ইমরানসহ অন্যান্য পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা চট্টগ্রামবাসীকে মাসব্যাপী এই মেলা পরিদর্শনের মাধ্যমে দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর