শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মিরসরাই যাওয়ার পথে ‘গায়েব’ চালান, মধ্যরাতের অভিযানে পতেঙ্গায় উদ্ধার ২৮ হাজার লিটার তেল

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৩

চট্টগ্রামের পতেঙ্গায় মধ্যরাতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই ফার্নেস অয়েলসহ একটি লরি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এয়ারপোর্ট রোড সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকার একটি পার্কিং লট থেকে প্রায় ২৮ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।

পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ‘ড্রাম ওয়াশ’ নামের একটি পার্কিংয়ে তেল খালাসের সময় চক্রটির সদস্যদের হাতেনাতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট বাহিনীর আভিযানিক দল।

জব্দকৃত লরিটির নম্বর (চট্টমেট্রো-ঢ ৪১-০৫২৯)। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিটিতে থাকা ফার্নেস অয়েলের চালানটি সরকারি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা হলেও নির্ধারিত গন্তব্যে না নিয়ে ভিন্নত্র সরিয়ে পাচারের চেষ্টা চলছিল। সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী চালানটির গন্তব্য ছিল মিরসরাই ইকোনমিক জোন—বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। তবে সেখানে পৌঁছানোর আগেই পতেঙ্গার একটি নির্জন পার্কিংয়ে এনে অবৈধভাবে তেল খালাস করা হচ্ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভাউচার জালিয়াতির মাধ্যমে সরকারি জ্বালানি তেল আত্মসাৎ করে খোলা বাজারে বিক্রি করে আসছিল। বিশেষ করে শিল্পাঞ্চলের জন্য বরাদ্দকৃত ফার্নেস অয়েল এভাবে পাচার করে বড় অঙ্কের আর্থিক লাভ করছিল তারা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত তেল ও লরিটি হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জ্বালানি খাতে এ ধরনের দুর্নীতি ও পাচার রোধে নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর