
চট্টগ্রামে চলমান বৈরী আবহাওয়ার প্রভাবে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কয়েকটি ফ্লাইট ডাইভার্ট এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, চীনের সিচুয়ান এয়ারলাইনসের চেংডু-ঢাকা রুটের কার্গো ফ্লাইট CSC-9851 বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে না পেরে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ডাইভার্ট হয়ে অবতরণ করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের BS-101 ফ্লাইটটিও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে। ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করতে না পেরে সাময়িকভাবে কক্সবাজার বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের BG-615/616 ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে। এতে নির্ধারিত যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় সতর্কতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।