বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ জন আটক করেছে র‌্যাব-৭

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) 
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয় এবং তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশখালী গার্লস কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোনাপাড়া এলাকার মো. সলিম উল্লাহ (৪৩), কুতুবজুম এলাকার মো. হাসান মুরাদ (৪৮) এবং একই এলাকার মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে নেওয়া হচ্ছে। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সন্দেহভাজন সিএনজিটি চেকপোস্ট এলাকায় পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।জানা যায়, আটক ব্যক্তিদের ব্যবহৃত সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর