
সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা এবং নাগরিক সম্পৃক্ততাসহ ১৫টি সূচকে এগিয়ে থেকে দেশের সেরা সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি পেল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এই পুরস্কার প্রদান করা হয় ‘সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০’ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত ষষ্ঠ স্টিয়ারিং কমিটি সভা ও ‘সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2)’ প্রকল্পের দ্বিতীয় জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটি সভায়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের ‘সিটি গভর্ন্যান্স মূল্যায়ন’-এ দেশের ১২টি সিটি কর্পোরেশনকে ১৫টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মূল্যায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ স্কোর অর্জন করে শীর্ষস্থান লাভ করে।
পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন: “এই অর্জন চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, চসিক কর্মকর্তাদের নিরলস পরিশ্রম এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা এই সাফল্য অর্জন করেছি। আমি এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। এটি আমাদের জন্য অনুপ্রেরণা এবং ভবিষ্যতের পথচলায় দায়িত্ববোধ আরও বাড়াবে। ইনশাআল্লাহ চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।”