বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

লোহাগাড়ায় ক্রীড়া সংগঠক চিশতীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৫

চট্টগ্রামের লোহাগাড়ায় ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এস এম চিশতী। এ অভিযোগে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা সদরের পুরাতন থানা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। চিশতী ওই এলাকার আনোয়ার ইসলামের ছেলে এবং দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম চিশতী বলেন,
“আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। তবুও ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বিস্ফোরক মামলার আসামি করা হয়েছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানে আমি রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি।”

তিনি অভিযোগ করে আরও বলেন, কিছু গোষ্ঠী ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব অপপ্রচারের কারণে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

চিশতী জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে স্থানীয় ক্রীড়া সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ ছাত্র প্রতিনিধি এবং সুস্থধারার রাজনৈতিক নেতারা ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন। তিনি মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে এবং অপপ্রচার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা যুব ও ক্রীড়া কমিটির সদস্য মাস্টার নাছির উদ্দিন, দক্ষিণ জেলা সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাকিবুল আমিন, ছাত্রনেতা মিজবাহ উদ্দিন, এরশাদ হোসাইন, রিদুওয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর