শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সমুদ্রে ভাসমান ফিশিং বোট থেকে ১৭ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩

চট্টগ্রাম উপকূলে বিকল হয়ে চারদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট “এফবি মাসুদা শাহীন” এর ১৭ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩১ আগস্ট চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে ১৭ জন জেলেকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায় এফবি মাসুদা শাহীন বোটটি। কিন্তু ৭ সেপ্টেম্বর রাতে বোটটির শ্যাফট ভেঙে গেলে সেটি বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। চারদিন মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকার পর ১০ সেপ্টেম্বর দুপুরে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ কল করে সাহায্য প্রার্থনা করলে বিষয়টি তাদের নজরে আসে।

এরপর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। অভিযানে বিকল বোটসহ ১৭ জন জেলেকে নিরাপদে উদ্ধার করে তীরে আনা হয়। এসময় জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।

উদ্ধার হওয়া ফিশিং বোট ও জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর