
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লাখ (১,০০,০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের মেরিনার্স রোডের চামড়ার গুদাম সংলগ্ন ওমর আলী মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী, এসআই তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহম্মদ ও এএসআই শাহ পরান জান্নাত এর নেতৃত্বে ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি চলছিল।
এসময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়— কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দল মেরিনার্স রোড এলাকায় চেকপোস্ট বসায়। সন্ধ্যা ৬টা (১৮:০০ ঘটিকা) নাগাদ কক্সবাজার দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৭-১৮৪৯) চেকপোস্টে থামার সিগন্যাল দিলে, গাড়ির চালক হঠাৎ গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। যানজটের কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে গাড়িটি হেফাজতে নিয়ে উপস্থিত জনতা, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং উপস্থিত সাংবাদিকদের সামনে তল্লাশি চালায় পুলিশ। এসময় গাড়ির পেছনের ব্রেক ঢালার ভেতরে লুকানো একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে ১০টি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি বড় প্যাকেটে ১০,০০০ করে ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি ও চালকের ফেলে যাওয়া মোবাইল ফোনটি জব্দ করা হয়।
প্রাইভেটকারের মালিক ও পলাতক চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার এক কর্মকর্তা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তে আমরা কাজ করছি।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট আইনে প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।