বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সাংবাদিকদের সঙ্গে উন্নয়ন ও সুশাসন নিয়ে কথা বললেন শাহজাহান চৌধুরী

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, সুশাসন প্রতিষ্ঠা, জনদুর্ভোগ নিরসন এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন।

মতবিনিময় সভায় আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের আয়নার মতো কাজ করেন। গণমাধ্যম যত শক্তিশালী ও স্বাধীন হবে, সমাজ তত বেশি উপকৃত হবে।

তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সাতকানিয়া ও লোহাগাড়ার অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান সংকটসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় শাহজাহান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আমীর কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন, লোহাগাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হাসান, সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সহ-সভাপতি দিদারুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন শাখা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ, কেরানীহাট শাখার সহ-সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান নাসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভাটি সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর