মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২৪ জানুয়ারি (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এ কারণে বিসিবির ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ গ্রহণযোগ্য হয়নি।

আইসিসি আরও জানায়, টুর্নামেন্ট শুরু হতে সময় খুব কম থাকায় সূচি পরিবর্তন বাস্তবসম্মত নয়। বিসিবির অনুরোধ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনার কথা উল্লেখ করে সংস্থাটি জানায়, অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি উগ্রপন্থীদের হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ৪ জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে আইসিসির সঙ্গে বিসিবির একাধিক ভিডিও কনফারেন্স, সশরীরে বৈঠক এবং ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২১ জানুয়ারি আইসিসির বোর্ড সভার পর বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে বলে সিদ্ধান্ত জানানো হয়।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে ভারতে গিয়ে খেলবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী বিকল্প দল নির্ধারণে অগ্রসর হয়।

এর অংশ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর