বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২৯ এপ্রিল) বানৌজা ঈসা খান সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি কলেজটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথি, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্টজন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত আধুনিক এ মেডিকেল কলেজে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে ৫ বছর মেয়াদি এমবিবিএস শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ভূমিকা রাখবে। দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুর্যোগকালীন চিকিৎসা, সংক্রামক রোগ ব্যবস্থাপনা এবং উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা পালন করবে।

নেভি মেডিকেল কলেজে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নৌবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর