বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় জলমহাল ব্যবস্থাপনায় মানবিক ও টেকসই নীতির ওপর জোর

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি। এতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জলমহাল ইজারা প্রদান প্রক্রিয়া, নীতিমালা বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের সুপারিশসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের অধিকারভুক্ত। তাই এর ব্যবস্থাপনায় জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলাশয় নির্ভর দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে “জাল যার জলা তার” নীতির বাস্তবায়নে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানবিক, ন্যায়ভিত্তিক এবং টেকসই ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জেলা পর্যায় থেকে প্রাপ্ত জলমহাল ইজারা সংক্রান্ত সুপারিশগুলো যথাযথভাবে পুনর্মূল্যায়ন (রিভিউ) করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ গ্রহণ করে এসব প্রস্তাব পর্যালোচনা করতে হবে, যাতে পুরো প্রক্রিয়াটি হয় অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) ও ত্রুটিমুক্ত (ফুলপ্রুফ)।

তিনি আরও উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের প্রশ্ন বা বিতর্কের অবকাশ না থাকে।

সভায় উপস্থিত কর্মকর্তারা জলমহাল ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে মতামত প্রদান করেন এবং কার্যকর, স্বচ্ছ ও জনগণবান্ধব ইজারা ব্যবস্থাপনা নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা করেন।

সভা শেষে সংশ্লিষ্টদের মধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর