
রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালকে ‘রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ার ও মো. জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ রেল ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতালটি যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন — ৪ জন চিকিৎসক, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও ১০ জন নার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই সচিব বলেন, এখন থেকে শুধু রেলওয়ে কর্মীরা নয়, স্থানীয় সাধারণ মানুষও হাসপাতালের সবধরনের উন্নত চিকিৎসাসেবা পাবেন। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।
অতঃপর তারা আশাবাদ ব্যক্ত করেন, রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল পশ্চিমাঞ্চলজুড়ে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগের তুলনায় আরও মানসম্মত ও আধুনিক সেবা নিশ্চিত করবে।