
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার আন্তর্জাতিক বিমানবন্দর অদ্যাবধি বন্ধ থাকায় চট্টগ্রামের Shah Amanat International Airport-এ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। আজ (০৩ মার্চ) সকাল পর্যন্ত নতুন করে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে Biman Bangladesh Airlines-এর মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট। এছাড়া US-Bangla Airlines-এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ও ১টি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে Air Arabia-এর মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ও ২টি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে সীমিত আকারে কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে। মাস্কাট থেকে আসা SalamAir-এর OV-401 ফ্লাইটটি আজ সকাল ৮টা ০৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে এবং পরবর্তীতে OV-402 ফ্লাইট হিসেবে সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে Biman Bangladesh Airlines-এর মদিনা থেকে আগত BG-138 ফ্লাইটটি সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ সকালের ৭টি ফ্লাইটসহ মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এতে করে প্রবাসী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যাত্রীদের বিমানবন্দরে আসার পূর্বে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সাথে যোগাযোগ করে সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।