রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

হাটহাজারীর নাংগলমোড়া ইউনিয়নে সর্বস্তরের মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়নে সর্বস্তরের মানুষের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নাংগলমোড়া ইউনিয়ন ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও আন্তরিকতার আবহ।

নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে এবং ডা. আজম ও তাজুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুর মোহাম্মদ বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তিনি জানান, কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১২ হাজার কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে এবং অচিরেই কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা আরও সহজ ও কার্যকর করা হবে। এসব উদ্যোগ কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ আলম, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান ও জাহাঙ্গীর আলম মুন্সী, প্রবীণ বিএনপি নেতা ও সমাজসেবক আবুল কালাম মানিক, সিআইপি জসিম উদ্দিন, নজরুল ইসলাম, ছগির মেম্বার, মহিলা দল নেত্রী নাছির আক্তার ও পারভিন জাহান, উত্তর জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নাংগলমোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হুজাতউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলী বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি রমজানের চেতনাকে ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর