রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

দোহাজারীতে নাগরিক কমিটির যাত্রা শুরু, এমপি জসীম উদ্দীনের সংবর্ধনা

চন্দনাইশ প্রতিনিধি চট্টগ্রাম
  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে নাগরিক কমিটির উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পৌরসদরের সাঙ্গু কনভেনশন সেন্টারে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অতীতের তুলনায় অনেক ভালো এবং বিএনপি সরকার গঠনের পর দেশে শান্তি বিরাজ করছে। তিনি বিএনপিকে দেশপ্রেমিক সরকার উল্লেখ করে সকলকে সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।

দোহাজারী পৌরসভার দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে এমপি জসীম উদ্দীন বলেন, দোহাজারী হাসপাতালের সংস্কার, চৌকিদার ফাঁড়ির নিকট সাঙ্গু নদীর ওপর সেতু নির্মাণ, থানা প্রতিষ্ঠা, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং কৃষিপণ্যের সংরক্ষণে হিমাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নবগঠিত কমিটির কার্যক্রমকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর