শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বান্দরবানে ম্রো কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানে রূপান্তরের ঘোষণা প্রতিমন্ত্রীর

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন ১৯৮১ সালে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরীর বাবার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ও প্রথম শপথ নেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ম্রো কমপ্লেক্স নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এই ম্রো কমপ্লেক্স ভবিষ্যৎ প্রজন্ম গড়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের সকলে মিলে এই আবাসিক স্কুলটিকে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ কমপ্লেক্সে রূপান্তর করতে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা গ্রহণ করব।

১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বান্দরবানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সের ছাত্র ছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও খাবার বিতরণ এবং ম্রো কমপ্লেক্স মাঠ সংলগ্ন “মাহা সাংগ্রাই উৎসব” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আজ যারা এখানে বসে আছো, আাগামীতে তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, এমপি এবং মন্ত্রী। তোমাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা করণীয়, বর্তমান সরকার তা তা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে একটি ‘রংধনু জাতি’ গঠন করা। যেখানে ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতি ভিন্ন ভিন্ন হলেও আমরা বাংলাদেশি হিসেবে এক ও অভিন্ন থাকব। বৈচিত্র্যময় এই সংস্কৃতি আমাদের সম্পদ।

বান্দরবান পার্বত্য জেলার সুয়ালক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উশৈচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, জেলা পুলিশ সুপার আবদুর রহমানসহ সরকারি, বেসরকারি বিভন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বান্দরবান সদর উপজেলার সুয়ালক মাঝের পাড়া উৎসব উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মাহাঃ সাংগ্রাই পোয়েঃ ১৩৮৮ উপলক্ষে সাংগ্রাই মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং উপস্থিত থেকে উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর