
চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে আগামী ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিতব্য অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দোহাজারীর সাঙ্গু কনভেনশন হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ আসন্ন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আলম, সহ-সভাপতি ও সাবেক মেয়র লোকমান হাকিম, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম, বিষ্ণু যশা চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, দোহাজারী নাগরিক কমিটি একটি অরাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমুখী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আসন্ন অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তারা আরও বলেন, দোহাজারী পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরীতে রূপান্তরের লক্ষ্যে নাগরিক কমিটি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে।
অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কমিটি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ এপ্রিলের অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, গুণীজনদের সম্মাননা প্রদান এবং নতুন সামাজিক উদ্যোগ ঘোষণার পরিকল্পনা রয়েছে।
শেষে দোহাজারী নাগরিক কমিটির পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং এর সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।