
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ফরিয়াদেরকুল হাঙ্গর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: জাবেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার সহ সমিতির অন্যান্য সদস্যরা।
গতকাল ফরিয়াদেরকুল এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ভুক্তভোগী শওকত আনোয়ার। এসময় সমিতির সহ-সভাপতি মোহাম্মদ নাছির, কোষাধ্যক্ষ শেলী বড়ুয়া, সদস্য মহিউদ্দিন, সদস্য গোলাম কাদের, সদস্য মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আলী, মহিলা সদস্য শেফালী রানী বড়ুয়া, সদস্য আব্দুল নবী উপস্থিত ছিলেন এবং তারাও বক্তব্যের মাধ্যমে সভাপতির বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।
লিখিত বক্তব্যে প্রশাসনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ সহ মোট ১২ জন সদস্য নির্বাচিত হন। কিন্তু অতি দুঃখের বিষয় নির্বাচনের পর সভাপতি জাবেদ বাকি ১১ জনকে কোনধরনের পাত্তা দিচ্ছেনা। সব সিদ্ধান্ত তিনি একাই নিচ্ছে। সম্প্রতি লেভার কমিটির জন্য জেলা এলজিইডি অফিসের পক্ষ থেকে ২৫ জনের তালিকা চাইলে অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় না করে অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি এসব মানুষের তালিকা রেডি করেন। সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাকি ১১জন সদস্য। এলজিইডি অফিসের এক কর্মকর্তার উপস্থিতিতে সেটার প্রতিবাদ করেন সাধারণ সম্পাদক শওকত আনোয়ার। সেখানে একটু হাতাহাতির ঘটনাও ঘটে। তবে, মারামারির কোন ঘটনা ঘটেনি, কেউ বিন্দুমাত্র আহতও হয়নি। তারপরেও ষড়যন্ত্রের নক্সা আঁকতে সভাপতি জাবেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে গিয়ে সাধারণ সম্পাদক শওকত আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে বক্তব্য দেন। এরপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রস্তুতিও নিচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে সভাপতি জাবেদকে অযোগ্য দাবি অবাঞ্ছিত ঘোষণা করে মিছিলে শ্লোগান তুলেন সমিতির বাকি সদস্যরা।