
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দামই সমন্বয় করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারেও এই সমন্বয় কার্যকর করা হয়েছে। নতুন দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা। একই সঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধিতে পরিবহন ও নিত্যপণ্যের বাজারে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।