
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
ভোটগ্রহণ শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফল অনুযায়ী, প্রেসিডেন্ট পদে ড. মোঃ আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। এছাড়া চট্টগ্রাম থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর, যারা চট্টগ্রাম রিজিয়নের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ এবং আশীষ রায় চৌধুরী।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আবাসন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতির মতো সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে।
নতুন কমিটি চট্টগ্রামের সকল সদস্যদের নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির পাশাপাশি আধুনিক নগরায়ন নিশ্চিত করতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসনের সুযোগ বৃদ্ধি করতেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।