মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ডায়াবেটিস ঠেকাতে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে—সাতকানিয়ায় আলোচনা সভা

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৩

বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ সভার আয়োজন করে সাতকানিয়া ডায়াবেটিক সমিতি।

সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আবুল কালাম শামশুল হক। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “ডায়াবেটিস এখন প্রতিটি পরিবারের জন্য বাস্তব ঝুঁকি। আমরা যদি নিজেদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়মতান্ত্রিক করি, তাহলে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সাতকানিয়া ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে সচেতনতা বাড়ানোর কাজে কাজ করছে, ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল্লাহ ফরহাদ। তিনি বলেন, “ডায়াবেটিসের হার বাড়ার পেছনে খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব এবং অনিয়মিত জীবনযাপন বড় কারণ। সমাজের সব শ্রেণির মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানোই এখন মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের খবর এবং দি ফাইন্যান্সিয়্যাল পোস্ট-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আ ন ম সানাউল্লাহ। তিনি বলেন, “ডায়াবেটিস একটি নীরব মহামারি। আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গণমাধ্যম মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার বলেন, “পরিবার থেকেই ডায়াবেটিস প্রতিরোধ শুরু হয়। কোন খাবার খাব, কতটুকু খাব—এই শিক্ষাটুকু পরিবার থেকেই দিতে হবে।”

সভায় সমিতির সহ সভাপতি আবদুস শুক্কুর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, অডিট সম্পাদক আনোয়ার হোসেনসহ সমিতির অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় যে বিষয়গুলো উঠে আসে,….

ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ চেনার উপায়
খাদ্য নিয়ন্ত্রণ ও সুষম খাদ্যতালিকা
নিয়মিত হাঁটা ও শরীরচর্চার প্রয়োজনীয়তা
মানসিক চাপ ও ঘুমের প্রভাব
আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিস ব্যবস্থাপনা

চিকিৎসক ও পুষ্টিবিদরা জানান—সময়মতো ডায়াবেটিস শনাক্ত করা গেলে দীর্ঘমেয়াদী জটিলতা অনেক কমে যায়। শিশু-কিশোরদের মধ্যেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে—এ বিষয়েও অভিভাবকদের সতর্ক করেন বক্তারা।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অতিথিরা বলেন,এই দীর্ঘ সময় ধরে হাসপাতালটি এলাকার মানুষের জন্য ডায়াবেটিস চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রেখেছে।

দিনব্যাপী অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ডায়াবেটিস প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট, হ্যান্ডবিল ও প্রচারপত্র বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়—
গ্রামীণ পর্যায়ে নিয়মিত স্বাস্থ্যসচেতনতার কর্মসূচি
বিনামূল্যে রক্তে শর্করা পরীক্ষা
স্কুল-কলেজে সচেতনতামূলক সেমিনার
পরিবারের জন্য ডায়াবেটিস প্রতিরোধ পরামর্শক সেবা চালু করা হবে।

ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে সমিতির নেতারা বলেন—“একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হলে আজই আমাদের সচেতন হতে হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর