
চট্টগ্রাম-১৪ আসন থেকে বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী।
১৫ নভেম্বর (শনিবার) সকালে চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টে অর্ধ শতাধিক স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ইচ্ছার কথা জানিয়েছেন।
মতবিনিময়কালে তিনি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দেশের উন্নয়ন ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের গুরুত্বপূর্ণ রূপরেখা। এই দফাগুলো কার্যকর হলে বাংলাদেশের ভবিষ্যত সমন্বিত ও পার্লামেন্টারী চিন্তাধারার আলোকে পরিচালিত হবে। নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশ পরিচালনার মূল কাঠামো হিসেবে এই ৩১ দফা বাস্তবায়িত হবে।”
তিনি আরও বলেন, “চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামে যে সকল উন্নয়ন হয়েছে, তা বিএনপির শাসনামলে সম্পন্ন হয়েছে। এটি কোনো ব্যক্তিগত নয়, বরং দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে পুনরায় ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিএনপির প্রার্থীকে জয়ী করে দেশ পরিচালনায় সহযোগিতা করার আহবান জানাচ্ছি।”
মতবিনিময়কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির বিশিষ্ট নেতা ও আইনজীবী ফোরামের সদস্যরা, যাদের মধ্যে ছিলেন এডভোকেট রফিক আহমদ, আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, এডভোকেট জসিম উদ্দীন হিমেল, ইউনুছ গণি বাবুল, ফেরদৌস ওয়াহিদ, জাহাঙ্গীর আলম, মো. হারুন সওদাগর এবং আল মোহাম্মদ হিরু প্রমুখ।
এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরীর সঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে দলের ভাবমূর্তি, দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম এবং নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছে।