বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বহিষ্কারাদেশ বাতিল, দায়িত্বে ফিরলেন মোশাররফ: নেতাকর্মীদের উচ্ছ্বাস

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। এ সিদ্ধান্তের ফলে মহানগর যুবদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ফিরে এসেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর মাধ্যমে মোশাররফ হোসেনকে তাঁর পূর্বের পদ—সিনিয়র যুগ্ম সম্পাদক—এ পুনর্বহাল করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই চট্টগ্রাম মহানগর যুবদলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনেক নেতাকর্মী বলেন, “দলীয় কর্মীদের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় যুবদল যে সিদ্ধান্ত নিয়েছে, তা সংগঠনের জন্য শুভ বার্তা।”

“ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে চাই”মোশাররফ হোসেন

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে চাইলে মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় নানা পরীক্ষা এসেছে, তবে সবকিছু অতিক্রম করে আজ আমাকে পুনরায় দলের দায়িত্বে ফেরানোয় কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নেতাদের প্রতি কৃতজ্ঞ। কর্মী-সমর্থকদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা এবং সহযোদ্ধাদের পাশে থাকার মনোভাব আমাকে শক্তি দিয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত যুবদল গঠনে কাজ করব। দল ও আন্দোলনের স্বার্থে যেকোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে প্রস্তুত।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোশাররফ হোসেনের পুনর্বহাল পদক্ষেপটি চট্টগ্রাম মহানগর যুবদলের অভ্যন্তরে চলমান অসন্তোষ ও বিভক্তি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূলের জনপ্রিয় ও সক্রিয় একজন নেতা হিসেবে তাঁর প্রত্যাবর্তন সংগঠনে নতুন উদ্যম সৃষ্টি করবে বলেও অনেকে মত দেন।

স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তকে “সময়োপযোগী ও বাস্তবসম্মত” বলে উল্লেখ করেন। নতুন দায়িত্ব ফিরে পেয়ে মোশাররফ হোসেন মাঠের রাজনীতিতে আরও সংগঠিত, সজীব ও সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর