
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জননন্দিত জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়ার পর রাউজানবাসী তার প্রতি গণমানুষের ভালোবাসা ও সমর্থনের প্রকাশ করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গতকাল (৪ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক মনোনয়ন ঘোষণা করা হয়। মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, “রাউজানবাসীর ভালোবাসা ও আস্থা আমাকে দায়িত্ববোধ এবং উদ্যম দিচ্ছে। আমি দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। রাউজানবাসীর প্রদত্ত সম্মান কখনও ভুলে যাওয়া সম্ভব নয়। এ দেশ আমাদের একমাত্র ঠিকানা, দ্বিতীয় ঠিকানা নেই। তাই সবাই মিলে শান্তি ও ঐক্যের মাধ্যমে বসবাস করতে হবে। শহীদ জিয়ার মাজার থেকে শপথ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য রাউজানবাসীর কল্যাণ ও দেশের উন্নয়ন। দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করব। দলের নির্দেশনা অনুযায়ী এলাকায় মানুষের ন্যায়সঙ্গত আশা ও স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, মোহাম্মদ ফিরোজ আহমেদ, সৈয়দ মনজুরুল হক, সাবের সুলতান কাজলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। স্থানীয় নেতারা বলেন, “গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে যোগাযোগের দক্ষতার কারণে রাউজানবাসী তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তার নেতৃত্বে দলকে আরও শক্তিশালী ও জনগণমুখী করা সম্ভব।”
উল্লেখ্য, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশ ও মানুষের কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্বপ্নের সংরক্ষণ এবং জাতীয় ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তারা মনে করেন, রাউজানবাসীর সঙ্গে একযোগে কাজ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাউজানকে আরও উন্নত ও সবল রাজনৈতিক এলাকা হিসেবে গড়ে তুলবে।